কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, গুলিবিদ্ধ ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কাটাকে কেন্দ্র করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. রাসেল (২৫) নামের এক প্রবাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত নয়জন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ ও ময়নামতি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাসেলের ফুফাতো ভাই ও বারপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, বারপাড়া কবরস্থানের গাছ কাটা নিয়ে ওই গ্রামের হানিফ মিয়া ও কাউসার আহমেদের সঙ্গে গ্রামবাসীর বিরোধ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে গতকাল সন্ধ্যায় পার্শ্ববর্তী নূরপুর এলাকা থেকে আমজাদ বাহিনীর অন্তত ১৫ জন বহিরাগত সন্ত্রাসীকে এলাকায় ডেকে আনেন হানিফ ও কাউসার। এরপর তারা বারপাড়া ময়নামতি মেডিকেল কলেজের সামনে এসে অবস্থান নেয়। এ সময় চকবাজার এলাকা থেকে বাড়িতে ফিরছিলেন ওই এলাকার প্রয়াত সাদেকুর রহমানের ছেলে মো. রাসেল। এর কিছুক্ষণ পর আসেন মো. বাপ্পী (২২)। একপর্যায়ে বহিরাগতরা তাঁদের পথ আগলে ধরে। এরপর তাদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রাসেল। রাসেল তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। সন্ত্রাসীদের গুলির আওয়াজ পেয়ে এলাকার লোকজনও বাড়ি থেকে বের হন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আবারও গুলি চালায়। তখন গুলিবিদ্ধ হন বারপাড়া গ্রামের বাপ্পী, রাসেল মিয়া (১৯), আনোয়ার হোসেন (৪৫), মো. জনি (৩০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রেজাউল করিম, জামাল মজুমদার (২৮), শরিফ (১৬), মোস্তাকিম (২৮) ও কোহিনূর বেগম (৪৫)।
আহত ব্যক্তিরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। তাঁদের কারও চোখে, পায়ে, হাতে, মাথায় স্প্লিন্টারের আঘাত রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলের লাশ পড়ে আছে। তাঁর গায়ে হলুদ গেঞ্জি ও পরনে বাটিকের লুঙ্গি।
এ ব্যাপারে হাসপাতালে উপস্থিত জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, ‘নূরপুর এলাকার বহিরাগত আমজাদ বাহিনীর লোকজন এসে হামলা চালিয়েছে বলে গ্রামবাসী আমাকে জানায়। আমি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘কবরস্থানের গাছ কাটা ও পূর্ববিরোধকে কেন্দ্র করে শটগানের গুলিবর্ষণ করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’