কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা গ্রামে গত শুক্রবার রাতে দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার অভিযোগে পুলিশ হানিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
গুলিবদ্ধ দুজন হলেন তারিকুল ইসলাম (২৫) ও মো. বাবুল মিয়া (৪২)। তাঁদের বাড়ি উপজেলার বালুতুপা গ্রামে। গ্রেপ্তার হওয়া হানিফুলের (২৩) বাড়ি পাশের কৃষ্ণপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, হানিফুল দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত শুক্রবার রাতে তারিকুলের এক আত্মীয়ের কাছে তিনি চাঁদা দাবি করেন। এ নিয়ে তারিকুলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পৌনে ১০টার দিকে বালুতুপা গ্রামে তারিকুলের সঙ্গে হানিফুল ও তাঁর অনুসারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হানিফুল পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় তারিকুল ও বাবুল গুলিবিদ্ধ হন। পরে দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গ্রামবাসী হানিফুলকে পিস্তলসহ আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। হানিফুলকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।