কুমিল্লায় দুই ব্যক্তিকে কুপিয়ে পিটিয়ে হত্যা
কুমিল্লা সদর দক্ষিণের ধনাইছড়ি এলাকায় গিয়াস উদ্দিন (৫০) ও জামাল হোসেন (৪৫) নামের দুই ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। পূর্ববিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাতে তাঁদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন বলেছেন, একটি রাস্তা নিয়ে স্থানীয় ফরিদ উদ্দিনের সঙ্গে জামালের বিরোধ চলছে। গতকাল রাত নয়টার দিকে তিনি ও গিয়াস রাস্তা দিয়ে যাওয়ার সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। এতে জামাল ঘটনাস্থলেই নিহত হন। গিয়াসকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এর আগে ওই রাস্তা নিয়ে ফরিদের বিরুদ্ধে মামলা করেছিলেন জামাল। ওই মামলায় ফরিদ সম্প্রতি জেলও খাটেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তাঁদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।