কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের নূরপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোস্তফা হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা নূরপুর বড়বাড়ি এলাকার প্রয়াত হাকিম মিয়ার তৃতীয় ছেলে। এ ঘটনায় তাঁর বড় ভাই এসহাক মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নগরের হযরতপাড়া এলাকার তিন ব্যক্তির নামে হত্যা মামলা করেন। 

মামলার এজাহারে বলা হয়, আজ বেলা তিনটার দিকে নগরের নূরপুর দক্ষিণ পাড়া বিদ্যালয়সংলগ্ন মসজিদের পাশের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মোস্তফা হাসান। এ সময় তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পার্শ্ববর্তী হযরতপাড়া এলাকার বাসিন্দা মো. স্বপন (২০), তুষার মিয়া (১৮) ও মো. রানা (২৩)। একপর্যায়ে ছুরি দিয়ে মোস্তফার বুকের বাঁ পাশে ও পেটে আঘাত করা হয়। এ সময় তাঁর চিত্কারে এলাকার লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ওই তিন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। দ্রুত মোস্তফাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথের দাউদকান্দির গৌরীপুর এলাকায় মোস্তফা মারা যান। পরে তাঁকে পুনরায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হাসপাতালের জরুরি বিভাগের নিচতলায় গিয়ে দেখা গেছে, তাঁর মরদেহ পড়ে আছে। এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা বিষয়টি তদন্ত করতে আসেন।
হাসপাতালের করিডরে নিহত মোস্তফার বড় ভাই এসহাক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে, তা বলতে পারব না। হযরতপাড়া এলাকার তিনজন ছেলে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেছি। আমি ভাই হত্যার বিচার চাই।’
নিহত যুবকের স্বজন ও অন্তত দুজন সহপাঠী দাবি করেন, মোস্তফা আট বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। এরপর প্রথমে হাউজিং এস্টেট এলাকায় মুদি দোকান দেন। পরবর্তী সময়ে ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে কুমিল্লা ইপিজেডে চাকরি নেন। দুই বছর যাবৎ তিনি বেকার ছিলেন। ওই সময়ে কোনো এক মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়েই হামলাকারীদের সঙ্গে তাঁর ঝামেলা হয় বলে ধারণা করা হচ্ছে। এর বেশি কিছু আমাদের জানা নেই।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।