কুমিল্লায় দুর্বৃত্তের অ্যাসিডে স্বামী-স্ত্রী দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন স্বামী-স্ত্রী। উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া গ্রামে গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

অ্যাসিডদগ্ধরা হলেন, পরিমল চক্রবর্তী (৪০) ও তাঁর স্ত্রী কৃষ্ণ চক্রবর্তী (৩৫)।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদারের ভাষ্য, রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়েছিলেন। মাঝরাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে তাঁদের লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন। স্বামী-স্ত্রীকে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. হেলাল উদ্দিনের ভাষ্য, অ্যাসিডে পরিমলের মুখ ছাড়াও বুক, পিঠ, হাত ও পাসহ নিচের অংশ শতকরা ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে এবং কৃষ্ণ চক্রবর্তীর পিঠ শতকরা ২০ ভাগ পুড়ে গেছে।

হোমনা থানার ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই কৌটায় করে অ্যাসিড এনে ছুড়ে মারে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, অ্যাসিডদগ্ধ পরিমলের তিন মেয়ে রয়েছে। এক মেয়ে মামার বাড়িতে থাকে এবং অন্য দুই মেয়ে পাশের ঘরে ঘুমিয়েছিল।