কুমিল্লায় নলকূপ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার বরুড়া উপজেলায় ইমরান হোসেন (৪০) নামের এক নলকূপ মিস্ত্রিকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইমরান হোসেন বরুড়ার হরিশপুর গ্রামের বাসিন্দা। গত রোববার বেলা তিনটায় কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকার একটি বাসায় তাঁর ওপর নির্যাতন চালানো হয়। এ ঘটনায় নিহত ইমরানের ছোট ভাই কামাল হোসেন সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।
কামাল হোসেন অভিযোগ করেন, ইমরানের সঙ্গে হরিশপুর গ্রামের জহিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে জহিরুল ফোন দিয়ে ইমরানকে ডেকে নেন। এরপর ঢুলিপাড়ার একটি বাসায় জহিরুলসহ চারজন ইমরানকে পিটিয়ে আহত করেন।
এ ব্যাপারে জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়।