কুমিল্লায় নিখোঁজের সাত মাস পর প্রবাসীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে সাত মাস পর কুমিল্লার মুরাদনগর উপজেলার নোয়াহাটি গ্রামের এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার জাড্ডা গ্রামের হাহাতি বিলের একটি ডোবায় পুঁতে রাখা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ময়নল হোসেন (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার নোয়াহাটি গ্রামের প্রয়াত আবদুল কাদেরের ছেলে। গত ১ নভেম্বর তিনি শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। গতকাল লাশ উত্তোলনের পর তা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ১১ বছর আগে সৌদিপ্রবাসী ময়নল হোসেনের সঙ্গে জাড্ডা গ্রামের তাসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে ময়নল বিদেশে অবস্থান করেন। এ সময় তাসলিমা বেগমের সঙ্গে নোয়াহাটি গ্রামের শরীফুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ২০১৫ সালের ৩০ অক্টোবর ময়নাল হোসেন দেশে ফিরে এসে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। একপর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব ও তাসলিমার অনৈতিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে কলহ দেখা দেয়।
ওই কলহের জের ধরে একপর্যায়ে তাসলিমা বেগম ময়নলকে হত্যা করার জন্য পাঁচ লাখ টাকা দিয়ে ছয়জন সন্ত্রাসী ভাড়া করেন। ১ নভেম্বর রাতে ওই সন্ত্রাসীরা ময়নলকে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে জাড্ডা গ্রামের হাহাতি বিলের পাড়ে যায়। এরপর তারা তাঁকে হত্যা করে বিলের একটি ডোবার মধ্যে লাশ ফেলে দেয়। ৭ নভেম্বর তাসলিমা বেগম তাঁর স্বামীকে খুঁজে না পাওয়ার বিষয়ে মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু এ খবর পেয়ে ময়নলের মা আমেনা খাতুনের সন্দেহ হয়। তিনি গত বছরের ৮ ডিসেম্বর কুমিল্লার একটি আদালতে তাসলিমা বেগমসহ সাতজনের নামে তাঁর ছেলেকে হত্যা করে লাশ গুম করার অভিযোগে মামলা দায়ের করেন। এরপর পুলিশ চলতি বছরের ৮ মার্চ রাতে তাসলিমা বেগম ও শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরে পুলিশ ময়নল হোসেন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ একপর্যায়ে জানতে পারে ময়নলের লাশ একটি ডোবার মধ্যে পুঁতে রাখা হয়েছে। এরপর পুলিশ আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদন করে। আদালত লাশ উত্তোলনের জন্য নির্দেশ দেন।
ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে নির্বাহী হাকিম আজগর আলীর উপস্থিতিতে ময়নলের লাশ উদ্ধারের কাজ শুরু হয়। বেলা একটায় লাশ উত্তোলন করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, সাড়ে সাত মাস পর ময়নলের লাশ ডোবার তিন ফুট পানির নিচ থেকে উদ্ধার করা হয়।