কুমিল্লায় নিখোঁজ যুবলীগ নেতার কঙ্কাল উদ্ধার
কুমিল্লায় এক বছর আগে নিখোঁজ হওয়া যুবলীগের নেতা তারেকুল হাসান টিটুর (২৮) মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরের ঠাকুরপাড়া এলাকার পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তারেকুল কুমিল্লার দেবীদ্বার পৌর যুবলীগের সহসভাপতি ছিলেন। ২০১৫ সালের ২ জুলাই দেবীদ্বার থেকে নিখোঁজ হন তিনি। পরে ১৩ জুলাই দেবীদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘদিন কোনো খোঁজ না পেয়ে গত ৮ মার্চ তারেকুলের মা রাজিয়া সুলতানা কুমিল্লার আদালতে একটি অপহরণ মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন।
ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ বলেন, নগরের ছোটরা মগবাড়ি চৌমুহনী এলাকা থেকে ২৮ আগস্ট রাতে একটি রিভলবার, তিনটি গুলিসহ নগরের অশোকতলা এলাকার রফিকুল ইসলাম লিমন ওরফে চোরা লিমনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিমন যুবলীগের নেতা তারেকুলকে হত্যার কথা স্বীকার করেন। তাঁর তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রিয়াজ উদ্দিনকে নগরের ঠাকুরপাড়া এলাকা থেকে গতকাল ভোরে গ্রেপ্তার করে পুলিশ। দুই আসামিকে নিয়ে গতকাল সকালে ঠাকুরপাড়া বড় মসজিদসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে তল্লাশি চালানো হয়। বাড়ির সেপটিক ট্যাংক থেকে তারেকুলের কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বলেছেন, মাদক নিয়ে বিরোধের জের ধরেই তারেকুলকে হত্যা করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২ জুলাই নিখোঁজ হওয়া তারেকুলকে প্রথমে ঠাকুরপাড়া শ্মশানঘাট এলাকায় গুলি করে হত্যা করার পর তাঁর লাশ ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রথমে লাশটি মাটিতে পুঁতে ফেলা হয়। কয়েক দিন পর বিষয়টি আরও গোপনীয় করার জন্য লাশটি তুলে সেপটিক ট্যাংকে ফেলে দেয় খুনিরা। রিয়াজ ও লিমন ছাড়া হত্যাকাণ্ডে আরও সাত থেকে আটজন জড়িত ছিলেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করে অন্য খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত তারেকুল হাসানের মা দেবীদ্বার সরকারি শিশু পরিবারের সাবেক শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে কুমিল্লা শহরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত আছেন। তিনি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।
পুলিশ সূত্র জানিয়েছে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক এক নেতার ছেলে তারেকুলকে মৃত্যুর আগে গুলি করেন বলে তদন্তকারীরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। পুলিশ ওই নেতার ছেলের গতিবিধি নজরে রাখছে।