কুমিল্লার বরুড়া উপজেলায় ‘নিখোঁজে’র এক দিন পর লাশ উদ্ধার হলো দ্বিতীয় শ্রেণির ছাত্র মেহেদী হাসান লিমনের (৮)। গতকাল রোববার উপজেলার হোসেনপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ নিয়ে গত ১৫ দিনে এ উপজেলায় দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার হলো। লিমনের লাশ উদ্ধারের ঘটনায় বরুড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিশু লিমন কলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পয়ালগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের দুবাইপ্রবাসী আবুল কাশেমের বড় ছেলে লিমন গত শনিবার বেলা তিনটার দিকে ফুটবল নিয়ে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়িতে ফিরে না আসায় মা লাভলী আক্তার খোঁজাখুঁজি করেন। পরে এলাকায় মাইকিং করা হয়। জানানো হয় বরুড়া থানা-পুলিশকে।
এর পরের দিন গতকাল সকাল নয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গেলে লিমনের লাশ ভাসতে দেখেন মা লাভলী। তাঁর চিত্কারে লিমনের চাচা আবদুল কাদের ছুটে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার ও পরিদর্শক (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থলে যান। তাঁরা পরিবারটিকে সান্ত্বনা দেন।
লাভলী আক্তার বলেন, ‘শনিবার বিদ্যালয় থেকে ফেরার পর লিমন ফুটবল নিয়ে খেলতে বের হয়। এরপর আর ফেরেনি। আমাদের সঙ্গে কারও কোনো বিভেদ নেই। এক মেয়ে ও দুই ছেলের মধ্যে লিমন দ্বিতীয়।’
ওসি আসলাম সিকদার বলেন, এটি হত্যা না পানিতে পড়ে মৃত্যু, তা তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এর আগে ২ এপ্রিল দুপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর উপজেলার শাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইব্রাহীম খলিলের লাশ শাকপুর গ্রামের কুরগাইর বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। আর নিখোঁজের এক দিন পর ১১ এপ্রিল বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার হয় জয়কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাইফ হোসেনের।