কুমিল্লায় নিজ দলের কর্মীদের হাতে খুন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ সংগঠনের নেতা-কর্মীর হাতে খুন হয়েছেন কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধান (৩৬)। গুলি ও ছুরিকাঘাতে আহত হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা যান তিনি।
গত শনিবার বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় দলীয় কর্মিসভা শেষে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের নেতা-কর্মীর গুলি ও ছুরিকাঘাতে আহত হন সাইফুল। তিনি বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন।
ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেলা তিনটায় কান্দিরপাড়ের টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রলীগের কর্মিসভা শুরু হয়। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমও উপস্থিত ছিলেন। বিকেল সোয়া পাঁচটায় কেন্দ্রীয় ছাত্রনেতারা সভাস্থল ত্যাগ করেন। এরপর রেলমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী জেলা ও শহর ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা কান্দিরপাড় পুবালী চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলিবর্ষণ শুরু করেন। তখন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগ নেতা-কর্মীরাও তাঁদের প্রতিরোধে পাল্টা গুলিবর্ষণ শুরু করেন। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ।
একপর্যায়ে কান্দিরপাড় সমবায় ব্যাংক ভবনের কোনায় একটি চশমার দোকানের সামনে ডান চোখে গুলিবিদ্ধ হন সাইফুল। সে সময় প্রতিপক্ষের কয়েকজন তাঁর বুক ও পিঠে ছুরিকাঘাত করেন। গুলি খেয়ে ও ছুরিকাঘাতে আহত সাইফুল দোকানটির সিঁড়ির ওপর লুটিয়ে পড়েন। সংঘর্ষের পর তাঁকে উদ্ধার করে নগরের একটি হাসপাতালে নেওয়া হয়। সারা রাত অস্ত্রোপচার হয় তাঁর। পরে গতকাল সকাল নয়টায় তিনি মারা যান। সাইফুল বাহাউদ্দিনের অনুসারী ছিলেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাইফুলের লাশ শহরের গোবিন্দপুর এলাকায় নিজ বাসায় নেওয়া হয়। তিনি সাত ভাই ও এক বোনের মধ্যে চতুর্থ এবং অবিবাহিত ছিলেন। বাদ আসর কুমিল্লা টাউন হল মাঠে প্রথম জানাজা ও গোবিন্দপুর এলাকায় দ্বিতীয় জানাজা শেষে টমছম ব্রিজ কবরস্থানে দাফন করা হয় তাঁকে। জানাজায় সাংসদ বাহাউদ্দিনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ দাবি করেন, ‘মুজিবুল হকের অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটায়। ঘটনার সময় সাইফুলকে ঘিরে ছিল শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান, সাবেক অর্থসম্পাদক কবির উদ্দিন মিন্টু, আদর্শ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, চানপুর এলাকার ছাত্রলীগ কর্মী মো. ইমন ও মো. ইব্রাহিম। হাসপাতালে নেওয়ার পথে সাইফুল ভাই আমাকে এঁদের নাম বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘‘নিজের লোকেরাই আমাকে শেষ করে দিয়েছে।’’’
তবে অভিযোগ নাকচ করে প্রতিপক্ষের সুমন দাস ও সাব্বির আহমেদ বলেন, ‘আমরা তাঁকে বাঁচাতে গিয়েছি। কে বা কারা এ কাজ করেছে তা বলতে পারব না।’
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খু‘নের এই ঘটনায় রোববার (গতকাল) রাতে মামলা হবে।’
চার বছর আগেও সংঘর্ষ: রেলমন্ত্রী মুজিবুল হক ও সাংসদ বাহাউদ্দিনের অনুসারীরা চার বছর আগেও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। ২০১১ সালের ২৮ জুন রাতে কান্দিরপাড় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবর্ষণের ওই ঘটনা ঘটে। সে সময় কোতোয়ালি মডেল থানার ওসিসহ অন্তত ৪০ জন আহত হয়েছিলেন।