কুমিল্লায় ফেনসিডিল তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩
বাড়িটি গ্রামের লোকালয় থেকে কিছুটা দূরে। ওই বাড়ির গোয়ালঘরে গরু নেই। তবু দুটি শেডে গরু রাখার ব্যবস্থা রাখা হয়েছে। ওই ঘরের ভেতর ছড়ানো-ছিটানো খড়। বাড়ির উঠানে উঁচু খড়ের গাদা। এর পেছনে ফেনসিডিল তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মাদকদ্রব্য এনে মজুত রাখা হয়। অতঃপর ওই মাদকদ্রব্য বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের রতন মিয়ার ওই বাড়িতেই অভিনব কায়দায় তৈরি হচ্ছিল ফেনসিডিল।
গতকাল বুধবার দুপুরে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল, ফেনসিডিল তৈরির সরঞ্জাম ও গাঁজা উদ্ধার করে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানা-পুলিশ ওই অভিযানে নেতৃত্ব দেয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গলিয়ারা গ্রামের প্রয়াত আবদুল মজিদের ছেলে ফেনসিডিল কারখানার মালিক রতন মিয়া, প্রয়াত আবদুর রশিদের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক বশির আহমেদ ও একই উপজেলার বলেরডোবা গ্রামের প্রয়াত আবদুর রহিমের ছেলে ইলিয়াছ মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, রতন মিয়া সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের তথ্যদাতা (সোর্স)। পুলিশের নাম ভাঙিয়ে তিনি ওই এলাকায় ফেনসিডিল তৈরি করে বাজারজাত করেন। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোতোয়ালি মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে গলিয়ারা গ্রামের রতন মিয়া আরও দুই সহযোগী নিয়ে অটোরিকশায় করে ১০০ বোতল ফেনসিডিল বিক্রি করতে কুমিল্লা নগরের গর্জনখোলা এলাকায় যান। এ সময় কোতোয়ালি মডেল থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা পুলিশের কাছে নিজস্ব কারখানায় ফেনসিডিল তৈরির কথা জানান। পরে পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নেতৃত্বে গলিয়ারার রতন মিয়ার বাড়িতে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় ওই কারখানা থেকে ১ হাজার ৮০০ বোতল ফেনসিডিল, ফেনসিডিল তৈরির কাঁচামাল, ফেনসিডিলের অন্তত ২ হাজার খালি বোতল, তরল ফেনসিডিল ও ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগ প্রসঙ্গে রতন মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
গলিয়ারা গ্রামের নাসির উদ্দিন, অহিদুর রহমান বলেন, ‘এলাকায় রতন সদর দক্ষিণ মডেল থানা-পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিল। কোনো ধরনের কাজ না করেই তিনি সচ্ছলভাবে জীবন যাপন করতেন। সীমান্তের বিভিন্ন বাড়িতে এ ধরনের অভিযান চালালে বেরিয়ে আসবে আরও নতুন কারখানা।’ পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন যাবৎ এখানে ফেনসিডিল তৈরি হচ্ছে। ফেনসিডিলের অবিকল লেভেল লাগিয়ে অভিনব কায়দায় এগুলো তৈরি করা হচ্ছে। ওই ঘটনার পেছনে কারা জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হবে।