কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে সাবেক সাংসদ ও দলীয় কর্মীদের পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতা–কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতা–কর্মীরা জানান, আজ বিকেল চারটার দিকে লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নিখোঁজ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পারভেজের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় স্থানীয় সাংসদের শ্যালক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন ওরফে শামীম, স্থানীয় সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম ওরফে রতন এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খানের নেতৃত্বে অন্তত ৭০ থেকে ৮০ জন লোক বিএনপি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা প্রথমে কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ আনোয়ারুল আজিমকে ধাক্কা দেন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চিকিত্সক নুরুল্লাহ রায়হান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইয়াছিন আলীসহ অন্তত ২৫ জন। একপর্যায়ে বিএনপি দলীয় নেতা–কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। হামলাকারীরা আনোয়ারুল আজিমকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। একপর্যায়ে হামলাকারীরা বিএনপি দলীয় কার্যালয়, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরুর ফ্লাওয়ার মিলে ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।
লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘হামলায় আমাদের অন্তত ২৫ জন নেতা–কর্মী আহত হয়েছেন। বিএনপির নেতা–কর্মীদের মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে স্থানীয় সাংসদের শ্যালক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি নিয়ে লাকসাম বাজারে যাচ্ছিলেন দলীয় নেতা–কর্মীরা। এ সময় গাজীমুড়া এলাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ আনোয়ারুল আজিমের গাড়ির সামনে আমাদের দুজন কর্মীকে মারধর করা হয়। এরপর আমাদের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় আমাদের আটজন কর্মী আহত হন।’ লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনার তদন্ত চলছে।
এদিকে রাত সাড়ে আটটায় কুমিল্লা নগরের বাদুড়তলা এলাকায় সংবাদ সম্মেলন করেন সাবেক সাংসদ আনোয়ারুল আজিম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি এটাকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন। এ ঘটনার জন্য তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন।