কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন

পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় চাপাতির আঘাতে মো. শাহজাদা ইসলাম (২০) নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাহজাদা নগরের ১৭ নম্বর ওয়ার্ডের সুজানগর ইদ্রিস মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম সহিদ মিয়া। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। নিহত শিক্ষার্থী কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থিত ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। খুনের ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লা মডার্ন হাই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত শাহজাদার বন্ধু মো. নেসার উদ্দিন ভূঁইয়া ওরফে রোমান বলেন, শনিবার সন্ধ্যায় নগরের নজরুল অ্যাভিনিউ এলাকার নাসির আর্টিজান সেন্টারের নিচতলায় ফুয়াদ নামের এক বন্ধুর জন্মদিনের কেক কাটেন তাঁরা। সেখান থেকে মোটরসাইকেলে তিনি, শাহজাদা ও আরেক বন্ধু জনি—এই তিনজন খন্দকার হক ম্যানশনে যান। সেখান থেকে পুনরায় একই স্থানে ফিরে আসেন। মোটরসাইকেল থেকে নামতে যাবেন, এ সময় ওত পেতে থাকা মো. সাফায়েত চাপাতি নিয়ে শাহজাদার ওপর ঝাঁপিয়ে পড়েন। শাহজাদার ঘাড়ে ও মাথায় তিনটি কোপ দেন সাফায়েত। এ সময় তাঁর সঙ্গে ট্রমা সেন্টার এলাকার মিশু বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁরা পালিয়ে যান। এরপর শাহজাদাকে দ্রুত কুমিল্লা জেনারেল হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সার পাঠানো হয়। রাত ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী একটি ওষুধের কোম্পানির প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার আগেই চাপাতি, চাকু ও ছুরি নিয়ে পাঁচ-ছয়জনকে ট্রমা সেন্টার এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে ওই যুবকেরা হত্যাকাণ্ড ঘটিয়ে এলাকা ত্যাগ করেন।
শাহজাদার বাবা সহিদ মিয়া ও মা রানু বেগম বলেন, ‘কী কারণে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, জানি না। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ আছে কি না, তা-ও বলতে পারব না।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, শাহজাদার সঙ্গে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাফায়াতের বন্ধুত্ব ছিল। কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত শনিবার সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় সাফায়াতসহ আরও কয়েকজন শাহজাদাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় কুমিল্লা মডার্ন হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অর্পণকে আটক করা হয়েছে।