কুমিল্লায় ভাঙা মহাসড়কে যানজট, ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় রাস্তার পিচ উঠে গেছে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছবি: দাউদকান্দি প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় রাস্তার পিচ উঠে গেছে। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছবি: দাউদকান্দি প্রতিনিধি

খানাখন্দের কারণে শনিবার রাতভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে বিশ্বরোড পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা অন্তত সাতজন ব্যবসায়ীর টাকা পয়সা ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকার কারওয়ানবাজার থেকে সবজি বোঝাই পিকআপ নিয়ে দাউদকান্দিতে আসার পথে রাত সাড়ে তিনটার দিকে পিকআপটি মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে থানার পশ্চিম পাশের যানজটে আটকা পড়ে। এ সময় আটজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে সাত ব্যবসায়ী ও চালককে জিম্মি করে নগদ ২৯ হাজার ৬০ টাকা ও আটটি মোবাইল ছিনতাই করে।
তাঁরা আরও বলেন, মহাসড়কটিতে খানাখন্দের কারণে যানজট সৃষ্টি হয়। এ যানজটের সুযোগ নেয় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের ঘটনাটি সড়কে চলাচলকারী ব্যবসায়ীদের আতঙ্ক বাড়াচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, মহাসড়কে গর্তের কারণে রাতে যানজট ছিল। তবে ছিনতাইয়ের ব্যাপারে কেউ তাঁদের কাছে অভিযোগ করেনি।
স্টারলাইন পরিবহনের বাসের চালক মো. শাহজাহান বলেন, মহাসড়কের এ স্থানের গর্তে প্রায়ই যানবাহন বিকল হয়ে যায়। রাতে যানজটে আটকা পড়লে ছিনতাইয়ের ভয় কাজ করে।

দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, মহাসড়কের এই স্থানটিতে পিচ উঠে ইট বের হয়ে গেছে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এখানে যানবাহনের গতি কমে যাওয়ায় কয়েক দিন ধরে যানজট হচ্ছে। বিষয়টি সড়ক ও জনপথকে অবহিত করলেও মেরামত কাজ হচ্ছে না।
সড়ক ও জনপথ (সওজ) নারায়ণগঞ্জের উপসহকারী প্রকৌশলী আবদুল কাইয়ুম বলেন, বর্ষায় বৃষ্টির কারণে বিটুমিনের কাজ করা যাচ্ছে না। তাই ভাঙা স্থানে যাতে যানবাহন না আটাকায় সে জন্য আপাতত গর্তে ইট বালু ফেলে সচল রাখা হচ্ছে।