কুমিল্লায় ভাতিজার 'ঘুষি'তে চাচা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ভাতিজা ‘ঘুষি’ মেরে চাচা শাহ আলম খাঁ ওরফে শানু ভান্ডারীকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজা মনির (২৫) খাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শাহ আলম খাঁ (৬৫) দৌলতপুর এলাকার খাঁবাড়ির বাসিন্দা। এই ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় নিহত ব্যক্তির স্ত্রী মাজেদা বেগম চারজনকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এঁরা হলেন শাহ আলম খাঁর চাচাতো ভাই খোকন খাঁ, খোকনের দুই ছেলে মনির খাঁ ও রনি খাঁ এবং প্রতিবেশী বিল্লাল হোসেন।
দৌলতপুর এলাকার অন্তত তিনজন বাসিন্দা বলেন, দৌলতপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছেন মনির খাঁ ও রনি খাঁ। এঁদের সঙ্গে রয়েছেন পাশের বাড়ির বিল্লাল হোসেন। গত শুক্রবার সন্ধ্যায় তাঁরা ওই বাড়িতে বসে মাদক বিক্রি করছিলেন। এ সময় শাহ আলম বাধা দিলে তাঁর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খোকন খাঁর ছেলে মনির খাঁ লাঠি দিয়ে পিটিয়ে শাহ আলমকে জখম করেন। এ সময় তাঁর স্ত্রী মাজেদা বেগম বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে মনির খাঁ ঘুষি মারলে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাত আটটায় পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গত শুক্রবার রাতেই হত্যার অভিযোগে পুলিশ মনির খাঁকে (২৫) দৌলতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে। দুপুরে তাঁকে কুমিল্লার আমলি আদালতে হাজির করলে আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে এলাকার অন্য একটি সূত্র দাবি করছে, শাহ আলম খাঁর একজন ভাড়াটিয়াকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছিল খোকন খাঁর দুই ছেলে মনির ও রনি খাঁসহ অন্য বখাটেরা। ওই বখাটেরা এলাকায় মাদক ব্যবসাসহ নানা ধরনের অপকর্ম করে আসছে। শাহ আলম খাঁ এঁদের অপকর্মের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতেন বলে জানা গেছে। এ কারণে ওই হত্যার ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ও পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।