কুমিল্লা শহরের রামঘাট এলাকায় এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। তাঁরা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানাধীন দুর্লভপুর গ্রামের মাসুম মিয়া (২২) ও কলিম মিয়া (১৯)।
গত বুধবার সন্ধ্যায় র্যা ব তাঁদের গ্রেপ্তার করে। একই সঙ্গে ১০ লাখ টাকা মুক্তিপণের জন্য আটক রাখা গাড়িচালককেও উদ্ধার করা হয়। র্যা ব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক ও উপপরিচালক মেজর মো. মোস্তফা কায়জার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য জানানো হয়েছে।
র্যা ব সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার ভায়া আমচত্বর গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে ত্রিপুরার মাসুম মিয়া, কলিম মিয়া, জাফর মিয়া এবং বাংলাদেশি সাইফুল ইসলামের টাকার লেনদেন রয়েছে। মাসুম ও কলিম মিয়া জানতে পারেন আনোয়ারের সঙ্গে একই জেলার বোয়ালিয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাইক্রোবাস চালক স্বপন রেজার (২৯) সম্পর্ক রয়েছে। গত মঙ্গলবার কৌশলে মাইক্রোবাস চালক স্বপনকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লালাপুর এলাকার আল আমিন পেট্রলপাম্পের সামনে গাড়িসহ নিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা চারজন পিস্তল ও অস্ত্র ঠেকিয়ে স্বপনকে ভারতীয় সীমান্তে নিয়ে যান। এরপর অপহরণকারীরা আনোয়ারকে ফোন করে জানান, ১০ লাখ টাকা মুক্তিপণ না দিলে স্বপনকে মুক্তি দেওয়া হবে না। আনোয়ার বিষয়টি র্যা বকে জানান। পরবর্তী সময়ে আনোয়ার কুমিল্লা নগরের রামঘাট এসএ পরিবহনের কার্যালয় থেকে তাঁদের মুক্তিপণের টাকা নিয়ে যেতে বলেন। এরপর মাসুম ও কলিম ওই টাকা আনতে যান। তখন সেখানে সাদাপোশাকে থাকা র্যা ব সদস্যরা ভারতীয় ওই দুই নাগরিককে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার ৫২০ ভারতীয় রুপি ও ২ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়। তাঁদের কাছে এ দেশে প্রবেশের কোনো কাগজপত্র ছিল না। র্যা বের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বপনকে অপহরণের কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী চৌদ্দগ্রামের আল আমিন পেট্রলপাম্প থেকে স্বপনকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যা ব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার বলেন, এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।