কুমিল্লায় মেসে হত্যা: ঢাকায় আটক ১

কুমিল্লায় মেসে একজনকে হত্যা ও অন্যজনকে গুলি করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া সোহাগ উদ্দিন ওরফে রানা (৩০) ওই ঘটনার মূল হোতা। তাঁর সঙ্গে আরও একজন জড়িত রয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সোহাগকে শুক্রবার রাত ১১টায় ঢাকার কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সোহাগের সহযোগী নাসির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেন বলেন, দেনার টাকা জোগাড় করতে সোহাগ নিহত সাগর দত্ত ও আহত সজীব সাহাকে ব্ল্যাকমেল করেন। এতে ব্যর্থ হয়েই এ ঘটনা ঘটান। অভিযুক্ত সোহাগ ও নাসিরের বাড়ি যথাক্রমে কুমিল্লার মনোহরগঞ্জ ও বরুড়া উপজেলায়।
লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, ‘২০১৫ সালে মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের সেলিম জাহাঙ্গীরের ছেলে সোহাগ উদ্দিন রানা স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় যান। এরপর সেখানে একটি পেট্রলপাম্পে চাকরি নেন। অবৈধভাবে মালয়েশিয়ায় থাকায় পুলিশ তাঁকে আটক করে। এরপর সোহাগ মালয়েশিয়ায় দেড় মাস জেল খাটেন। পরে সোহাগ দক্ষিণ আফ্রিকা যাওয়ার জন্য বাংলাদেশি একজন দালালকে ধরেন। কিন্তু সেখানে যাওয়ার টাকা ছিল না তাঁর মা-বাবার কাছে। এরপর মালয়েশিয়ায় লোক নেওয়ার কথা বলে এলাকার চারজন লোকের কাছ থেকে আট লাখ টাকা নেন। ওই টাকা থেকে ছয় লাখ টাকা আফ্রিকায় যাওয়ার জন্য দালালকে দেন। পরে ওই টাকা খোয়া যায়। তিনি আর দক্ষিণ আফ্রিকা যেতে পারেননি। পরে তাঁর মা-বাবা ওই টাকা জমি বিক্রি করে পরিশোধ করেন। একপর্যায়ে আরও দায়দেনা ও টাকাপয়সার জন্য অস্ত্র কিনে কাউকে জিম্মি করে টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। এরপর কুমিল্লায় একজনের কাছ থেকে ৭৫ হাজার টাকা দিয়ে ৭ দশমিক ৬৫ বোরের একটি পিস্তল কেনেন। এরপর কুমিল্লা নগরের মধ্য রেসকোর্স এলাকার চিন্ময় ভৌমিকের বি এইচ ভূঁইয়া হাউসের নিচতলায় বাসা ভাড়ার লিফলেট দেখে সেখানে সোহাগ তাঁর সহযোগী নাসিরসহ যান। এরপর ওই মেসে বসবাসরত সজীব সাহার কাছে গত ৩ এপ্রিল দিনে এক হাজার টাকা অগ্রিম দেন।
আলমগীর হোসেন বলেন, এরপর রাত আনুমানিক নয়টার দিকে সোহাগ উদ্দিন ও নাসির ওই মেসে যান। তাঁরা সাগর দত্ত ও সজীব সাহাকে মেয়েদের সঙ্গে সম্পর্ক আছে বলে ব্ল্যাকমেল করেন। একপর্যায়ে তাঁদের রশি দিয়ে বেঁধে মা-বাবার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে সাগর ও সজীবকে চেয়ারের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলে ঘুমের ওষুধ খাওয়ান। কিন্তু তাঁদের ঘুম আসে না। সারা রাত তাঁরা সাগর ও সজীবকে নির্যাতন করেন। একপর্যায়ে সাগর রশি খুলে চিত্কার দেন। তখন সোহাগ ও নাসির সিদ্ধান্ত নেন, দুজনকে মেরে ফেলতে হবে। এরপর সজীবকে পিস্তল দিয়ে বুকে গুলি করেন সোহাগ। এরপর পিস্তলে ত্রুটি দেখা দেওয়ায় আর গুলি করতে পারেননি। পরে সোহাগ উদ্দিন ছুরি দিয়ে সাগর দত্তের গলায় আঘাত করে তাঁকে হত্যা করেন। এরপর দুজন দুদিকে চলে যান।’
সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়া পিস্তল, গুলি, ছুরি, রশি, স্কচটেপ দেখানো হয়।
জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বলেন, ‘ঘটনার পর ফাঁদ পেতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা-পুলিশ গত শুক্রবার রাতে রাজধানীর কমলাপুর থেকে সোহাগ উদ্দিনকে গ্রেপ্তার করে। পুলিশ এখন নাসিরকে খুঁজছে। একই সঙ্গে অস্ত্র বিক্রেতাকে খোঁজার জন্য তল্লাশি করছে। হত্যা ও অস্ত্র মামলায় সোহাগ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হলো।’
এর আগে ৫ এপ্রিল নিহত সাগর দত্তের বাবা কুমিল্লার চান্দিনা উপজেলা চিলোড়া গ্রামের শংকর দত্ত কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ ছাড়া এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম আল মামুন বাদী হয়ে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। উভয় মামলায় সোহাগ উদ্দিনকে আসামি করা হয়। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়।
৪ এপ্রিল সকালে কুমিল্লা নগরের মধ্য রেসকোর্স এলাকার একটি মেস থেকে কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাগর দত্তের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সজীব সাহা নামের আরেক কলেজছাত্রকে উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য প্রসঙ্গে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দপ্তরে সোহাগ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘টাকার জন্য ব্ল্যাকমেল করে মুক্তিপণ আদায় করতে ওই পথে পা বাড়াই। সজীব ও সাগর আমাকে ও নাসিরকে চিনে ফেলায় তাঁদের আক্রমণ করি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শাখাওয়াত হোসেন ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।