কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা
কুমিল্লা নগরের একটি বাসায় এক যুবককে (৩০) গলা কেটে হত্যা করা হয়েছে। আজ রোববার রাত সোয়া আটটার দিকে নগরের নতুন চৌধুরীপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
সুমন ভিলা নামের ওই বাড়িটিতে মালিক থাকেন না। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির মালিকের এক আত্মীয়কে আটক করেছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, গত বৃহস্পতিবার চার তরুণ ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হন। আজ রোববার তাঁরা বাসাটি পরিষ্কার করার জন্য বাড়ির মালিকের শ্যালক জুম্মান মিয়ার কাছ থেকে চাবি নেন। রাত সোয়া আটটার দিকে ওই যুবকদের দুজন ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, পুরো বাসার মেঝেতে রক্ত লেগে রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ নতুন দুটি ছুরি উদ্ধার করেছে। নিহত তরুণের পরনে ছাই রঙের প্যান্ট ও কালো রঙের চেক শার্ট রয়েছে। পুলিশ ধারণা করছে, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
পাশের ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, তাঁরা কোনো কিছুই টের পাননি। পুলিশ আসার পর তাঁরা জানতে পারেন, পাশের ফ্ল্যাটে হত্যার ঘটনা ঘটেছে।
রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।