কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিবপুর গ্রামে গত বুধবার রাতে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সিলেটের ওসমানীনগরে এক ইমামের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে সফিউল্লাহ ওরফে সবু (২৬), সিলেট মহানগরের সোনাপুর গ্রামের বাসিন্দা মাওলানা আবদুর রহমান (৪৫) ও কসবা উপজেলার বড়মুড়া গ্রামের রুবেল মিয়ার স্ত্রী সীমা আক্তার (২২)।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা: পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের অন্তত দুজন সদস্যের ভাষ্যমতে, বুধবার রাত নয়টার দিকে বরুড়া উপজেলার আমড়াতলি গ্রামের এক ব্যক্তি বারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার ভাতিজা যুবলীগের কর্মী সফিউল্লাহর সঙ্গে দেখা করতে শিবপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় সদর দক্ষিণ উপজেলার শিবপুর সড়কের মোড়ে ওই ব্যক্তিকে আটকিয়ে পাঁচ হাজার টাকা ছিনতাই করেন স্থানীয় মোর্শেদুল আলম, আবদুল জলিলসহ কয়েকজন। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সফিউল্লাহ কারা টাকা নিয়েছেন, তা জানতে শিবপুর সড়কের মোড়ে যান। এ সময় মোর্শেদ, জলিল ও রফিকুল ইসলাম হাতুড়ি দিয়ে সফিউল্লাহর মাথায় আঘাত করেন। একই সঙ্গে তাঁরা তাঁর শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক একটার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল ভোরে শিবপুর গ্রাম থেকে ছনগাঁও গ্রামের রফিকুল ইসলাম ও আমড়াতলি এলাকার আবদুল ওয়াদুদকে গ্রেপ্তার করেছে।

সিলেট: গতকাল ভোরে উপজেলার ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানের হাত–পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে, ইমামকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার বড়মুড়া গ্রামের হিরন মিয়া ছেলে রুবেল মিয়া খাড়েরা গ্রামের জাকির মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। দুই দিন ধরে রুবেল মিয়া নিখোঁজ। ঘরের দরজা বন্ধ। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ দরজা ভেঙে সীমা আক্তারের লাশ দেখতে পায়।