কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে (৩৩) কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জাহাঙ্গীরের বাড়ি বাতাবাড়িয়া গ্রামে। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর হোসেন মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল ভট্ট বলেন, জাহাঙ্গীর বাতাবাড়িয়া গ্রামে বাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের বরাদ্দ নিয়ে একটি কাঁচা রাস্তা তৈরি করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ওই রাস্তা দিয়ে বাতাবাড়িয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির নির্মাণকাজের জন্য ইট ও সিমেন্ট ট্রাক্টরে করে নিয়ে যান। এতে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। তখন বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন জাহাঙ্গীর। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে জাহাঙ্গীরের কথা-কাটাকাটি ও পরে মারধরের ঘটনা ঘটে। এরপর গ্রামবাসী মিলে গতকাল বৃহস্পতিবার রাতে সেটি মিটমাট করে দেয়। আজ শুক্রবার সকাল নয়টায় একই দলের একদল দুষ্কৃতকারী জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁকে মনোহরগঞ্জ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাল শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।