কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের যুবলীগের সদস্য আহসান উল্যাহকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার কাশই গ্রামে এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের সখীপুরে জামাতার বিরুদ্ধে শাশুড়িকে হত্যা করার অভিযোগ উঠেছে। নেত্রকোনার খালিয়াজুরী থেকে পুলিশ গতকাল এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামের বাসিন্দা আহসান উল্যাহ ওরফে হিটু (৩২), সখীপুর উপজেলার মাচিয়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী সখিনা খাতুন (৪৫) ও খালিয়াজুরী উপজেলার কুতুবপুর পূর্বপাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ময়না আক্তার (১৬)।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কুমিল্লা: এলাকাবাসী ও মনোহরগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, সীমানা নিয়ে বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে কাশই গ্রামের আরিফ হোসেন ও মো. রুবেলের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাত সাড়ে ১০টায় কাশই পূর্বপাড়া এলাকায় মসজিদসংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে যুবলীগ নেতা আহসান উল্যাহ ঘটনাস্থলে যান। ওই সময়ে আরিফ হোসেন ও তাঁর সহযোগীরা তাঁকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। স্বজনেরা রাত সাড়ে ১১টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাশই গ্রামের আরিফ হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে তাঁদের কুমিল্লার মনোহরগঞ্জের আমলি আদালতে হাজির করা হয়। সেখানে আরিফ হোসেন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিবরণ দেন। মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবদুর রহিম মামলা করেছেন। মামলার ১৬ জন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল): সখীপুর থানা সূত্রে জানা যায়, সাত বছর আগে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল বাছেদের ছেলে মজনু মিয়া মাচিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে তানিয়াকে বিয়ে করেন। গত বুধবার মজনু শ্বশুরবাড়ি বেড়াতে যান। গতকাল সকালে মজনুর সঙ্গে তাঁর শাশুড়ি সখিনা বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজনু একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সখিনা জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনেরা দুপুর ১২টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। নেত্রকোনা: পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে খালিয়াজুরী উপজেলার কুতুবপুর পূর্বপাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ময়নার পরিবারের লোকজন বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায়।