কুমিল্লায় লুট হওয়া চাল উদ্ধার কালীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাক থেকে লুট হওয়া চাল গাজীপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকার একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী চাল ব্যবসায়ী প্রদীপ কুমার সাহা বলেন, চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন ট্রাক চাল কেনেন তিনি। ২১ মার্চ ওই চালের চালান কুমিল্লায় এলে বুড়িচং উপজেলায় লুট হয়। এ বিষয়ে ওই দিন রাতেই বুড়িচং থানায় একটি মামলা করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার বাঘারপাড়া এলাকার একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় গুদাম থেকে লুটের চাল উদ্ধার করা হয়। এর মধ্যে ২৫ কেজি ওজনের ১৮০ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১৬২ বস্তা চাল ছিল। এসব চালের মূল্য প্রায় ৪ লাখ ৮৪ হাজার টাকা। এ সময় ঘটনাস্থল থেকে গুদামের মালিক ও ওই মামলার এজাহারনামীয় আসামি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল গ্রামের মতিউর রহমান এবং তাঁর সহযোগী কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের সেলিম শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়।