কুমিল্লায় শিশুকে গলা কেটে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আতকাপাড়া গ্রামে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাহফুজ মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক তরুণীর এবং কুমিল্লার মুরাদনগরে তিন বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগরের আতকাপাড়া গ্রামে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের তোরাব আলীর সঙ্গে আবদুল আজিজের বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংষর্ষের সময় প্রতিপক্ষের লোকজন আবদুল আজিজের ছেলে মাহফুজ মিয়াকে (৪০) পিটিয়ে হত্যা করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে তিন বছরের শিশু নীরব মিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই শিশুর দাদা বাচ্চু মিয়াকে (৬২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নিজ ঘরের চৌকির ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন রাজমিস্ত্রির কাজ করার জন্য বের হন। শিশুটির মা তাছলিমা আক্তার কচুরিপানা তুলতে বাড়ির অদূরে যান। সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়ির ফারজানা আক্তার ওই বাড়িতে এসে ঘরের চৌকির মধ্যে নীরবের গলাকাটা লাশ দেখতে পান। বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিশুর দাদা বাচ্চু মিয়াকে আটক করা হয়।
বাচ্চু মিয়া একজন মাদকাসক্ত বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যোগানিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একটি ধানখেতে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী একটি বস্তা দেখতে পায়। পরে পুলিশ গিয়ে বস্তা খুলে দুই পা কাটা অবস্থায় অজ্ঞাত এক তরুণীর লাশ দেখতে পায়। এ সময় তরুণীর পরনে খয়েরি রঙের জামা ও সবুজ রঙের পায়জামা ছিল।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবদুল বারী জানান, ওই তরুণীর পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে অন্য কোথাও তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা এখানে লাশ ফেলে গেছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।