কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় গত বুধবার রাতে এক শ্রমিকের হাতে আরেক শ্রমিক খুন হয়েছেন। ময়মনসিংহে গতকাল বৃহস্পতিবার এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা তাঁকে হত্যা করেছে তা জানা যায়নি।
কুমিল্লায় নিহত শ্রমিকের নাম রুবেল মিয়া (৩২)। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শামবকসী এলাকায় লালমাই ফুটওয়্যার নামের একটি জুতার কারখানায় কাজ করতেন। আর ময়মনসিংহে নিহত দিনমজুরের নাম সুরুজ মিয়া (৩৮)। তাঁর গ্রামের বাড়ি ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাবে।
রুবেলের সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, রুবেল তাঁর কারখানার পাশেই একটি মেসে অপর দুই শ্রমিক আল আমিন ও কামাল হোসেনের সঙ্গে একত্রে থাকতেন। আল আমিন বুধবার রাতে তাঁর স্ত্রীকে মেসে নিয়ে আসেন। তিনি স্ত্রীকে নিয়ে মেসে রাত যাপনের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু তাতে বাধা দেন রুবেল ও কামাল। এ নিয়ে নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আল আমিন তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে রুবেল ও কামালকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুবেল ও কামাল। তাঁদের সঙ্গে সঙ্গে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। কামাল হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তর শামপুরে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ ঘটনায় নিহত রুবেলের ভাই গিয়াসউদ্দিন থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামি আল আমিন ও তাঁর স্ত্রী ফারজানা আক্তারকে গ্রেপ্তার করেছে। আল আমিনের বাড়ি বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামে।
ময়মনসিংহে দিনমজুর হত্যার ঘটনা ঘটেছে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের পাইলাব গ্রামে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইলাব গ্রামের সুরুজ মিয়া এলাকায় মাটি কাটার কাজ করতেন। ভোরে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ঘুম থেকে জাগিয়ে তোলে। পরে তারা তাঁকে বাড়ির অদূরে একটি ঝোপের আড়ালে নিয়ে মাথায় আঘাত করে ও গলায় ছুরি চালিয়ে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরুজ মিয়ার স্ত্রী ফরিদা খাতুনকে আটক করা হয়েছে। পাশাপাশি চলছে মামলার প্রস্তুতি।