কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে মা-শিশুর লাশ উদ্ধার
কুমিল্লার হাউজিং এস্টেট এলাকার সেপটিক ট্যাংক থেকে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এঁরা হলেন মা নাসিমা আক্তার (৩০) ও এক বছরের শিশুপুত্র মো. নাফিস। লাশের গলায় ফাঁস লাগানো ছিল।
আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা নাসিমার স্বামী নাজমুল হাসান (৩৫) পলাতক। নাসিমার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নাসিমার ভগ্নিপতি আলী হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেটের একতলাবিশিষ্ট ১ নম্বর বাড়িতে মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের কার্যালয়। ওই অফিসে গত বৃহস্পতিবার নিরাপত্তাকর্মীর চাকরি নেন নাজমুল হাসান। এ অফিসের পাশের বাসায় আগে থেকেই ভাড়া থাকতেন তিনি। শুক্রবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে তাঁরা ওই অফিসের একটি কক্ষে অবস্থান করেন। এরপর থেকে তাঁদের আর হদিস মেলেনি। আজ রোববার বিকেলে মিমপেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেডের গাড়িচালক মো. মাসুম বিল্লাহ কয়েকজন সহযোগী নিয়ে অফিসের বিভিন্ন কক্ষ ও আশপাশ পরিষ্কার করছিলেন। নাকে গন্ধ এলে তিনি দেখতে পান যে সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা। পরে অফিসের লোকদের ডেকে দেখেন, ট্যাংকে লাশ পড়ে আছে। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে নাসিমা ও তাঁর ছেলে নাফিসের লাশ উদ্ধার করে পুলিশ। নাসিমার আগের বাসার বাড়ির মালিককে এনে লাশ শনাক্ত করা হয়।
মিমপেক্স এগ্রো কেমিক্যালের ইউনিট প্রধান শেখ আল মাসুদ বলেন, শুক্রবার অফিস বন্ধ ছিল। ওই নারীর স্বামী বৃহস্পতিবার এ অফিসে কাজে যোগ দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নাসিমার স্বামী নাজমুল পলাতক। শুক্রবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।
মো. আবদুর রব বলেন, নাসিমার অভিভাবকেরা আসার পরে মামলা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।