কুমিল্লায় স্বামীর বাড়িতে মেডিকেল ছাত্রীর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে স্বামীর বাড়ি থেকে উম্মে আইরিন সুলতানা স্বর্ণা (২০) নামের মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর লাশ আজ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর তাঁর স্বামী ইমন পলাতক রয়েছেন।
আইরিন সুলতানা স্বর্ণা কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শশীদল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপকমিউনিটি কর্মকর্তা আবদুল খালেকের মেয়ে। ৫ মেয়ে ও ২ ছেলের মধ্যে আইরিন সুলতানা স্বর্ণা সবার ছোট।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জমান রাতে প্রথম আলোকে বলেন, লাশের গলায় ওড়না প্যাচানো ছিল। তাঁর শরীরে আঘাতের চিহ্নও দেখা গেছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা এখনো বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে পরে বিস্তারিত বলা যাবে। পুলিশ লাশ ব্রাহ্মণপাড়া থানায় আনছে।
পরিবার সূত্রে জানা যায়, বছরখানেক আগে প্রেম করে ইমন ও আইরিন সুলতানা বিয়ে করেন। ওই বিয়ে আইরিন সুলতানার পরিবার মেনে নেয়নি। আইরিন কলেজ হোস্টেলে থাকতেন। আজ তিনি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে আসেন।
আইরিন সুলতানার বাবা আবদুল খালেক প্রথম আলোর কাছে দাবি করেন, এক বছর আগে একই গ্রামের নান্নু মিয়ার ছেলে ইমন মিয়া ভয়ভীতি দেখিয়ে আইরিন সুলতানাকে বিয়ে করেন। বিয়ের পর তাঁকে বেশ কয়েকবার নির্যাতন করা হয়েছে বলে শোনা গেছে। নির্যাতন করেই আজ আইরিন সুলতানাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন বাবা আবদুল খালেক।
হজে যাওয়ার আবদুল খালেক ও তাঁর স্ত্রী ঢাকায় ছিলেন। এখন তাঁরা কুমিল্লায় ফিরছেন বলেও জানান।