কুমিল্লায় ১২১টি পাসপোর্ট জব্দ, চার দালাল গ্রেপ্তার
কুমিল্লায় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশপাশের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১২১টি পাসপোর্ট, নগদ প্রায় এক লাখ টাকাসহ চার দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার দুপুরে র্যাবের সদস্যরা জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে অভিযান চালান। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক তৌফিকুল ইসলাম বলেন, এ কার্যালয়ের আশপাশে দোকানপাট বসিয়ে একটি সংঘবদ্ধ চক্র পাসপোর্টের দালালি করে আসছে। কেউ পাসপোর্ট করতে এলেই দালালেরা ফুঁসলিয়ে ও জোর করে তাঁদের কাছ থেকে টাকাপয়সা ও কাগজপত্র নিয়ে নেন। এরপর বেশি টাকায় পাসপোর্ট করাতে বাধ্য করেন। র্যাব মহাপরিচালক মোখলেসুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার কোটবাড়ী এলাকাবাসী দালালদের দৌরাত্ম্য সম্পর্কে তাঁর কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই গতকাল দুপুর ১২টায় র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার গুলজার হোসেনের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় পাসপোর্ট কার্যালয়-সংলগ্ন ১৫টি দোকান থেকে ১২১টি পাসপোর্ট ও নগদ ৯৬ হাজার ৯০০ টাকাসহ পাসপোর্ট-সংক্রান্ত কাগজপত্র জব্দ ও চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদর্শ সদর উপজেলার ইকবাল হোসেন ও জাকির হোসেন এবং বুড়িচং উপজেলার ময়নাল হোসেন ও জহিরুল ইসলাম।
অভিযান চলাকালে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
লে. কমান্ডার গুলজার বলেন, গ্রাহকদের হয়রানি বন্ধে পাসপোর্ট দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।