টাঙ্গাইল শহরে কুমুদিনী সরকারি মহিলা কলেজের সামনে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বসানোর অভিযোগ পাওয়া গেছে। এ স্ট্যান্ডের কারণে সেখানে প্রতিনিয়ত যানজট তৈরি হচ্ছে। এতে কলেজটির শিক্ষার্থীসহ লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়।
কলেজটির স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী আখলিমা খান বলেন, জটের কারণে চলতে গিয়ে বিভিন্ন সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়।
কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি আজাদ খান বলেন, এ স্ট্যান্ডটি অবৈধ। এটি কলেজের সামনে থেকে সরানোর জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৪৩ সালে দানবীর রণদা প্রসাদ সাহা শহরের বেতকা ও সাবালিয়া এলাকার মাঝামাঝি স্থানে নারীদের শিক্ষার জন্য কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক (পাস ও সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ৬ হাজার ১০০ শিক্ষার্থী লেখাপড়া করেন। তাঁদের মধ্যে আবাসিক শিক্ষার্থী ১ হাজার ৩০০ জন। ১৯৮০ সালের পর থেকে কলেজটির সামনের রাস্তা থেকে সদর উপজেলার সুরুজ এলাকায় যাতায়াতের জন্য দুই-একটি টেম্পো চলাচল করত। ক্রমেই এ সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে কলেজটির সামনে থেকে পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল সদর, কালিহাতী ও বাসাইল উপজেলার বিভিন্ন পথে চলাচল করে। এ কারণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কলেজটির ফটকের সামনে অটোরিকশার জট লেগে থাকে। ফলে শিক্ষার্থীদের কলেজে যেতে অসুবিধায় পড়তে হয়। কলেজটির সামনের রাস্তা পার হয়ে শহরের পূর্বাঞ্চলে যাতায়াতকারী লোকজনেরও যানজটে ভোগান্তি পোহাতে হয়।
কলেজটির স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী কল্পনা খাতুন বলেন, কলেজে ঢুকতে ও বের হতে অটোরিকশার জট পার হতে হয়।
শহরের পূর্বাঞ্চলের সাবালিয়া এলাকার অধিবাসী মাসুদুর রহমান বলেন, এ পথে যাতায়াত করতে কুমুদিনী কলেজ এলাকায় অটোরিকশার স্ট্যান্ডের কারণে সব সময় যানজটে পড়তে হয়। এটা শহরের পূর্বাঞ্চলের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, কলেজটির ফটকের দুই পাশে বেতকা মুন্সিপাড়া সড়ক ও রেলস্টেশন সড়ক ধরে শতাধিক সিএনজিচালিত অটোরিকশা লাইন ধরে দাঁড়িয়ে আছে। বিভিন্ন পথ থেকে অটোরিকশা এসে কলেজের প্রধান ফটকের সামনে এসে থামছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে।
জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. রফিকুল ইসলাম সরকার বলেন, কলেজটির সামনের স্ট্যান্ডটি সম্পূর্ণ অবৈধ। গত মাসে যানজট নিরসনের লক্ষ্যে জেলা পর্যায়ের সভায় সেখান থেকে স্ট্যান্ড স্থানান্তরের জন্য মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।
জেলা অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, এই অটোরিকশা স্ট্যান্ড কুমুদিনী কলেজের সামনে থেকে সরানোর জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।