কুমড়া চুরির অপবাদ দেওয়ায় হত্যা করা হয় সৌরভকে!
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আলোচিত শিশু সৌরভ দাস হত্যার রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে বিপুল বিশ্বাস (২০) ও আকাশ দাস (১৬) নামের দুজনকে গত বুধবার গ্রেপ্তারের পর এ দাবি করেছে তারা।
পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডের মূল হোতা বিপুল। কুমড়া চুরির ঘটনায় তাঁকে বকাঝকা করেছিল সৌরভের ঠাকুরমা। সেই রাগেই সৌরভকে কেটে টুকরো টুকরো করে ফেলেন তিনি। এতে সহযোগিতা করে আকাশ।
সৌরভ কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম গ্রামের বলায় কুমার দাসের ছেলে। গত বছরের ২৭ ডিসেম্বর নিখোঁজ হয় সে। ২৮ ডিসেম্বর বাড়ির পাশের নির্মাণাধীন একটি ঘরে তার টুকরো টুকরো লাশ পলিথিনে মোড়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার প্রতিবাদে ফুসে ওঠে এলাকাবাসী। শুরু হয় মিছিল-মিটিং ও মানববন্ধন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার পর থেকে তাঁরা অনেক চেষ্টা করেও রহস্যের কিনারা করতে পারছিলেন না। দুজনকে সন্দেহবশত আটক করেন তাঁরা। কিন্তু প্রকৃত হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছিল না। অব্যাহত চেষ্টা আর সোর্সের তৎপরতায় অবশেষে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা গেছে। বুধবার দুপুরে রায়গ্রাম থেকে বিশ্বজিৎ বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস ও গোপাল দাসের ছেলে আকাশ দাসকে গ্রেপ্তার করেন তাঁরা। এরপর দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত ১৬৪ ধারায় দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন।
জবানবন্দিতে বিপুল বলেছেন, তাঁদের বাড়ির পাশেই সৌরভদের বাড়ি। বাড়ির সন্নিকটে রয়েছে বিপুলদের পানের বরজ। সেই বরজের পাশেই সৌরভদের একখণ্ড জমিতে কলা ও কুমড়ার চাষ হয়। সেখান থেকে কুমড়া চুরি হলে সৌরভের ঠাকুরমা মিরা দাস তাঁকে (বিপুলকে) বকাঝকা করেন। মিরা দাসের ধারণা ছিল, পানের বরজে কাজ করার সময় বিপুলই এই চুরির ঘটনা ঘটিয়েছেন।
বিপুল আরও বলেছেন, ২৭ ডিসেম্বর তিনি পানের বরজে কাজ করছিলেন। এমন সময় সেখানে আসে শিশু সৌরভ। বিপুলের বাড়িতে থাকা খরগোশের বাচ্চার প্রতি সৌরভের প্রবল আকর্ষণ ছিল। খরগোশের বাচ্চা দেওয়ার কথা বলে তাকে কাছের নির্মাণাধীন ঘরটিতে নিয়ে যান তিনি। সেখানে তাকে বসিয়ে রেখে নিজের ঘনিষ্ঠ আকাশকে ডেকে নেন বিপুল। দুজন মিলে সৌরভকে প্রথমে শ্বাসরোধে হত্যা করেন। এরপর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পলিথিনে ভরে লুকিয়ে রাখেন।
শিশু সৌরভ দাসের বাবা বলায় দাস গতকাল প্রথম আলোকে বলেন, তিনি পুত্রহত্যার উপযুক্ত বিচার চান। জড়িত ব্যক্তিদের ফাঁসি দেখতে চান।