কুমড়া চুরির অভিযোগে শিশুকে পেটালেন আনসার সদস্যরা
পাবনার বেড়া উপজেলায় আনসার সদস্যরা কুমড়া চুরির অভিযোগে সোহেল (১২) নামের এক শিশুকে পিটিয়ে আহত করেছেন। গত শনিবার দুপুরে বেড়া পাম্পিং স্টেশনের ভেতরে শিশুটি পাতা কুড়াতে গেলে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ওই শিশু বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার সাচ্চু প্রামাণিকের ছেলে ও স্থানীয় আনন্দ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
সোহেলের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির রান্নার জ্বালানি জোগাতে পাম্পিং স্টেশনের সংরক্ষিত এলাকার ভেতরে পাতা কুড়াতে ঢুকে পড়ে সোহেল। সেখানে সে কুমড়াগাছের মাচার কাছে একটি কুমড়া পেয়ে সেটি কুড়িয়ে পাতা রাখার বস্তায় রেখে দেয়। পাতা কুড়ানোর একপর্যায়ে সেখানকার কর্তব্যরত আনসার সদস্যরা সোহেলকে চোর সন্দেহে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা বস্তার ভেতরে কুমড়াটি দেখতে পেয়ে আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা শিশুটিকে স্টেশনের পাশের একটি ভবনে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, আশপাশের লোকজন শিশুটির চিৎকার শুনে তার বাড়িতে খবর দেয়। তখন শিশুটির মা ছুটে এসে ছেলেকে ছেড়ে দিতে আনসার সদস্য ও পাম্পিং স্টেশনের কর্মকর্তাদের কাছে কাকুতি-মিনতি করেন। কিন্তু তাঁরা শিশুটিকে না ছাড়লে তিনি (শিশুটির মা) গ্রামের মুরব্বিদের খবর দেন। এরই মধ্যে মারধরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। বেলা তিনটার দিকে পরিবারের লোকজন গ্রামের মুরব্বিদের নিয়ে সেখানে গিয়ে সোহেলকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রোববার বিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে সোহেল। এ সময় সোহেল বলে, ‘আমি কুমড়া চুরি করি নাই। বোঁটা ছেঁড়া অবস্থায় কুড়াইয়া পাইছি। তারপরেও ছয়-সাতজন আনসার আমারে দড়ি দিয়্যা বাঁইধ্যা লোহার রড আর লাঠি দিয়্যা মারল।’
সোহেলের মা আকলিমা খাতুন বলেন, ‘খবর পায়া আমি পাম্পিং স্টেশনের অফিসার আর আনসারদের হাতে-পায়ে পইড়্যা কান্নাকাটি করিছি। তাও তারা আমার ছাওয়ালডারে ছাড়ে নাই। আমি এর বিচার চাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী বলেন, শিশুটি শরীরে আঘাতের চিহ্ন নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্টেশনের দায়িত্বে থাকা পাউবোর শাখা কর্মকর্তা (এসও) বাবর আলী বলেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না।
কুমড়া চুরির অপরাধে কয়েকজন আনসার সদস্য শিশুটিকে সামান্য মারধর করেছেন বলে তিনি শুনেছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘শিশুটিকে মারধর করার কথা শুনে আমি নিজে হাসপাতালে গিয়ে শিশুটি ও তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তার শরীরে মারধরের আলামতও পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ামাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’