কুমড়ার ভেতর পিস্তল-গুলি, যুবক আটক
কুমড়ার ভেতর পিস্তল-ম্যাগাজিন-গুলি! বিশেষ কৌশলে কুমড়ার ভেতর রাখা হয়েছিল এগুলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ একটি বাস থেকে ওই কুমড়া উদ্ধার করে। এ ঘটনায় আটক করে এক যুবককে।
কুষ্টিয়ার দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে কুমড়ার ভেতর একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ওই বাসে তল্লাশি চালায়। এ সময় অন্তর হালসানা (২৪) নামের ওই যুবকের কাছে থাকা একটি কুমড়া উদ্ধার করা হয়। ওই কুমড়ার ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
এসআই শাহাদাত জানান, ওই ঘটনায় অন্তরকে আটক করে থানায় নেওয়া হয়। অন্তর এই অস্ত্র-গুলি পাচার করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
অন্তর দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন চরপাড়া গ্রামের রবিউল হালসানার ছেলে।