কুয়াকাটা সৈকত থেকে ছয় ভারতীয় জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সৈকত থেকে ছয় ভারতীয় জেলেসহ একটি মাছ ধরা ফাইবার বোট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ জেলেদেরসহ ফাইবার বোটটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন নেন্দিস (২৮), মিসেন (৩৭), আন্ডুরাজ (২০), আম্বুরিয়া (৫২), জোগরাজ (৬০) ও রমেশ (১৭)। কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে রমেশের শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুয়াকাটা নৌ পুলিশের উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে আমরা খবর পাই, কুয়াকা,টার জাতীয় উদ্যানসংলগ্ন সৈকতে ছয়জন ভারতীয় জেলে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি এসব জেলের শারীরিক অবস্থা এতটাই দুর্বল, তারা কিছু বলতে পারছিল না এবং কয়েক দিনের ক্ষুধার্ত মনে হয়েছে। আমরা জেলেদের উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাই। সেখানে সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং খাবার দেওয়া হয়।’
সঞ্জয় মণ্ডল আরও বলেন, ‘ভারতীয় এই জেলেদের ভাষা বোঝা যায় না। আকারে-ইঙ্গিতে ওই সব জেলের কাছ থেকে এতটুকু বুঝতে পেরেছি, এরা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এদের বহন করা ফাইবার বোটটির তেল শেষ হয়ে যাওয়ায় এরা বিপদগ্রস্ত হয়ে পড়ে। বাংলাদেশের একটি মাছ ধরা ট্রলার এই জেলেদের সাগরবক্ষ থেকে উদ্ধার করে কুয়াকাটা সৈকতে নিয়ে এসেছে। উদ্ধার হওয়া জেলেদের কাছে ভারতের অন্ধ্র প্রদেশের মৎস্য বিভাগের ইংরেজিতে লেখা একটি সনদ পাওয়া গেছে।’
কুয়াকাটার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমরা ছয়জনকেই প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’ উদ্ধার হওয়া জেলেদের কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।