কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাঁচটি বহুতল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাঁচটি প্রতিষ্ঠান বহুতল ভবন নির্মাণ করছে। পরিকল্পিত নগরায়ণ ও পর্যটন মহাপরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ভবন নির্মাণের জন্য জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার নির্দেশনা থাকলেও কেউ তা মানছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগ থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরে নিজেদের খেয়াল খুশিমতো স্বাদ রেস্তোরাঁ, হোটেল সি-কুইন, হোটেল তাজ, হোটেল সানফ্লাওয়ার তাদের দ্বিতল ভবনের ওপর তিনতলার কাজ শুরু করে। এ ছাড়া বাঁধের ভেতরে রাখাইন মার্কেট সংলগ্ন ব্যাংক মার্কেটের ভবনের কাজ শুরু হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হোটেল সি-কুইন ভবনের তিনতলার নির্মাণকাজ শেষ করে ভবনের বাইরে টাইলস বসিয়ে কাজ সম্পন্ন করে ফেলেছে। হোটেল তাজ, স্বাদ রেস্তোরাঁ ও হোটেল সানফ্লাওয়ার তিনতলার ভবন নির্মাণ করে সেখানে রং করা শেষ। ব্যাংক মার্কেটেও দোতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ করেছে। এখন একটি বেসরকারি ব্যাংকের জন্য কক্ষের কাজ চলছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, পর্যটকদের আকৃষ্ট করা, জীববৈচিত্র্য রক্ষা ও সৈকত শহরের উন্নয়নে ‘কুয়াকাটা উন্নয়ন কতৃর্পক্ষ’ গঠন করা হয়েছে। ২০১২ সালের ৩ মে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পটুয়াখালীর জেলা প্রশাসককে সভাপতি করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর আগে বাংলাদেশ পর্যটন করপোরেশন কুয়াকাটা নিয়ে মহাপরিকল্পনা তৈরিতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে।
পরিকল্পিত নগরায়ণ ও পর্যটন মহাপরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ওই বছর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় প্রস্তাবিত মহাপরিকল্পনা প্রজ্ঞাপন বের হওয়া না পর্যন্ত কুয়াকাটা এলাকার চারটি মৌজায় জমি ক্রয়-বিক্রয় এবং কোনো ধরনের স্থাপনা নির্মাণের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি নিতে হবে।
এদিকে ভবন নির্মাণের বিষয়টি প্রশাসনের নজরে এলে নির্মাণকাজ বন্ধসহ নির্মাণসামগ্রী অপসারণে জেলা প্রশাসন উদ্যোগ নেয়। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠায়। ২২ অক্টোবর জেলা প্রশাসক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে হোটেল সানফ্লাওয়ারের কাউকে পাওয়া যায়নি। তবে হোটেল সি-কুইনের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের নোটিশ পাওয়ার আগেই আমাদের ভবন নির্মাণকাজ শেষ হয়েছে।’
হোটেল তাজ ও স্বাদ রেস্তোরাঁর মালিক আনোয়ার হোসেন বলেন, ‘জেলা প্রশাসনের নোটিশ পাওয়ার পর আমি কাজ বন্ধ করে দিয়েছি।’ তবে মালামাল অপসারণের বিষয়টি সবাই এড়িয়ে যান।
ব্যাংক মার্কেটের স্থানীয় প্রতিনিধি শাহজাহান আকন জানান, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়েই তাঁরা ভবন নির্মাণকাজ শুরু করেছেন। কলাপাড়ার ইউএনও এবং কুয়াকাটা পৌর প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় ভবন নির্মাণের অনুমতি দেবেন জেলা প্রশাসক। তাঁদের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের সভাপতি মরিুজ্জামান মনির বলেন, কুয়াকাটাকে নিয়ে যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তা দীর্ঘদিনেও অনুমোদন হয়নি। অনুমোদন হলে এভাবে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠত না।
পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, নোটিশ দেওয়ার পর যেসব মালিক নির্মাণসামগ্রী অপসারণ করেননি, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।