কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে শাড়ি জব্দ
ফেনীতে একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ে গতকাল রোববার অভিযান চালিয়ে ৫৩৮টি শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মো. শামীম ইফতেখার জানান, ফেনী থেকে ঢাকা পাঠানোর জন্য শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত বাংলাদেশ পার্সেল ও কুরিয়ার সার্ভিস কার্যালয়ে প্রচুর পরিমাণে চোরাচালানের শাড়ি জমা করা হয়েছে—এ খবরের ভিত্তিতে গতকাল সকালে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় কাস্টমস কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ শাড়িগুলোর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে ৪ বিজিবি ব্যাটালিয়নের সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়।
জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৯ লাখ টাকা।
সূত্র জানায়, শাড়িগুলো ফেনী কাস্টম কার্যালয়ে জমা দেওয়া হবে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।