কুরিয়ারে আসা কোকেন বিমানবন্দর থেকে জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুরিয়ার সার্ভিসের পার্সেলে আসা পৌনে এক কেজি কোকেনের চালান উদ্ধার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে এই চালানটি জব্দ করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ফেডেক্স কুরিয়ারের উগান্ডা দপ্তর থেকে দুবাই হয়ে কোকেনের এই চালানটি আসে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সিকদার প্রথম আলোকে বলেন, বিদেশি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী কোকেনের এই চালানটি সম্পর্কে তাঁরা জানতে পারেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে চালানটি আসে। পার্সেল নম্বরসহ কার কাছ থেকে কার কাছে আসছে—এসব তথ্যও তারা জানিয়েছিল। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় চালানটি জব্দ করা হয়।
নজরুল ইসলাম বলেন, ছয় কেজি ওজনের পার্সেলটিতে কিছু গার্মেন্টস সামগ্রীর মধ্যে কোকেন ছিল। পার্সেল সার্ভিসে দেওয়া নাম ও ঠিকানা অনুযায়ী সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, ২০১৩ সালের পর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ নিয়ে চতুর্থবার কোকেন আটক করা হলো। আগে প্রতিবারই বিদেশি নাগরিকদের কাছ থেকে কোকেন পাওয়া গিয়েছিল। কুরিয়ার সার্ভিসে পার্সেল হয়ে এবারই প্রথম কোকেন আসার ঘটনা ঘটল।
নজরুল ইসলাম বলেন, যেহেতু আগেও বিমানবন্দর হয়ে কোকেন এসেছে, তাই মনে হচ্ছে একটি সক্রিয় চক্র এখানে কাজ করছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দুলাল কৃষ্ণ সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা বিশুদ্ধ কোকেন। তবে ল্যাবে পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।