উম্মে কুলসুম ঋতুর এমন মৃত্যু মেনে নিতে পারছে না কেউই। তার মৃত্যু বিক্ষুব্ধ করে তুলেছে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনতাকে। বখাটেদের উৎপাত সইতে না পেরে মেয়েটি বেছে নিয়েছে আত্মহননের পথ। তাঁর শিক্ষকেরা বলছেন, মৃত্যুর আগে কুলসুম বলে গেছে ‘ওরা যাতে ক্ষমা না পায়।’
রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়ার ছোট বটতলা এলাকায় কুলসমদের বাসা। স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী সে। মা সাথী আক্তার ও সৎ বাবা মো. আশিক ডেমড়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
সরেজমিনে জানা গেছে, গত শনিবার দুপুরে ও সন্ধ্যায় স্থানীয় শিমুলচন্দ্র মণ্ডলসহ কয়েকজন যুবক বাসার সামনে গিয়ে কুলসুমকে উত্ত্যক্ত করতে থাকে। গালিগালাজ ও আজেবাজে কথা বলে। এসব সইতে না পেরে কীটনাশক পান করে কুলসুম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কুলসুমের মা সাথী আক্তার বাদী হয়ে শিমুলসহ তাঁর পরিবারের আরও চারজনের নাম উল্লেখ করে খিলগাঁও থানায় মামলা করেছেন। তবে পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আসামিরা পালিয়ে গেছে। তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে দেখা যায়, সাদা চাদরে ঢাকা কুলসুমের লাশের দিকে তাকিয়ে আহাজারি করে চলেছেন মা সাথী ও সৎ বাবা আশিক। আশিক বলেন, ‘আমার সংসারে দুই সন্তান। তবে আমি কুলসুমকে সবচেয়ে বেশি ভালোবাসতাম। সে আমারই মেয়ে। শনিবার সকালে আমি তাকে ঘুম পাড়িয়ে কাজে যাই। ঘুম তো আর ভাঙল না।’
মর্গে এসেছেন কুলসুমের চাচা ফয়েজ আহম্মেদ। কাঁদছিলেন তিনিও। বললেন, ১৯৯৯ সালে গাজীপুরের বড়বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায় কুলসুমের বাবা বিল্লাল হোসেন। এরপর আশিকের সঙ্গে তার মায়ের বিয়ে হয়। ওই সংসারে খুব ভালোভাবেই সে মানুষ হচ্ছিল। কিন্তু সে আর বাঁচতে পারল না। স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, মুমূর্ষু অবস্থায় কুলসুমকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝপথে কুলসুম তাঁকে বলে, ‘স্যার আমি তো আর বাঁচব না। কিন্তু ওরা যাতে ক্ষমা না পায়।’
স্বজনেরা জানান, কুমিল্লার দাউদকান্দিতে কুলসুমের বাবা বিল্লালের গ্রামের বাড়ি। ময়নাতদন্তের পর লাশ প্রথমে কুলসুমের স্কুলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে দাউদকান্দি। বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হবে।
খিলগাঁও নন্দীপাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে কুলসুমের ছবি। তার নিচে সুশীল মণ্ডল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় শিমুলসহ তার বাবা ও মায়ের শাস্তি দাবি করে সাঁটানো একটি পোস্টার। সেখানে উপস্থিত নিখিল মণ্ডল নামে একজন প্রথম আলোকে বলেন, হত্যার শিকার সুশীল তাঁর ভাই। ২০১১ সালে শিমুল ও তাঁর মা-বাবাসহ কয়েকজন শাবল দিয়ে আঘাত করে তাঁর (নিখিল) বড় ভাই সুশীলকে হত্যা করেছে। এ ঘটনায় হওয়া মামলাটি আদালতে বিচারাধীন।
স্থানীয় কয়েকজন জানান, শিমুল বখাটে। মোটরসাইকেলে এলাকায় ঘুড়ে বেড়ানো, মেয়েদের উত্ত্যক্ত করা আর নেশা করাই তার কাজ। তাদের পরিবারের সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পর্ক আছে। এসব কারণে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না।
তবে কুলসুমের মৃত্যুর পর থেকেই পালিয়ে গেছে শিমুলসহ তার পরিবারের সদস্যরা। ক্ষুব্ধ লোকজন বাসায় হামলা করতে পারে তাই তাঁদের বাসার সামনে আছেন কয়েকজন পুলিশ সদস্য।
বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলের মর্গ থেকে লাশবাহী কফিন নিয়ে আসা হয় স্কুলের মাঠে। মুহূর্তেই কুলসুমের সহপাঠী ও ছোট ছোট শিক্ষার্থীরা কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষক ও উপস্থিত স্থানীয় জনতা। প্রধান শিক্ষক জহিরুল বললেন, ‘কুলসুম একটা দাবি রেখে গেছে। বখাটেরা যাতে ক্ষমা না পায়। আমাদেরও দাবি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’