কুলাউড়ায় ছিনতাই হওয়া অটোরিকশা, সিলেটে উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছিনতাই হওয়া সিএনজিচালিত একটি অটোরিকশা সিলেট নগরের শাহপরান এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন কুলাউড়ার সাদিপুর এলাকার মামুনুর রশিদ, সিলেটের শাহপরান এলাকার শামসুদ্দিন ওরফে আর্মি ও সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছিনতাইকারীরা ৬ সেপ্টেম্বর জুড়ী উপজেলার কণ্ঠিনালা সেতু এলাকা থেকে অটোরিকশাটি ভাড়া করেন। কুলাউড়ার লুয়াইউনি চা-বাগানের নির্জন এলাকায় পৌঁছানোর পর তাঁরা চালককে অচেতন করে জঙ্গলে ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যান।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশাটি উদ্ধার করে। পরে পুলিশ একই এলাকা থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গাড়ি ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলা হবে।