কুলাউড়ায় সিএনজি স্টেশনের ১২ লক্ষাধিক টাকা ছিনতাই
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় আজ রোববার দুপুরে একটি সিএনজি স্টেশনের কর্মকর্তাদের কাছ থেকে ১২ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নান্টু পাল আহত হয়েছেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও সিএনজি স্টেশন সূত্রে জানা যায়, উছলাপাড়া এলাকার গর্নভেলি সিএনজি স্টেশনের ব্যবস্থাপক নান্টু পাল ও প্রকৌশলী সৈয়দ ইকবাল হোসেন একটি মোটরসাইকেলে করে স্থানীয় ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। তাঁদের কাছে একটি ব্যাগে ১২ লাখ ৮৩ হাজার ৫৯২ টাকা ছিল। সিএনজি স্টেশন থেকে কিছুদূর যেতেই দুজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল নিয়ে তাঁদের পথ রোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা সিএনজি স্টেশনের কর্মকর্তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা নান্টু পালকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ ছাড়া মোটরসাইকেলের চালক সৈয়দ ইকবাল হোসেনের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে নান্টুকে সিলেটে স্থানান্তর করা হয়।
রাত আটটার দিকে গর্নভেলি সিএনজি স্টেশনের হিসাবরক্ষক আসাদুজ্জামান রিপন কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।