কুলাউড়ার সেই ক্লিনিকের সম্পত্তি বাজেয়াপ্ত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরে অবস্থিত বেসরকারি হাসপাতাল কুলাউড়া পলি ক্লিনিকে গতকাল মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সব অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ক্লিনিকের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ শামছুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ক্লিনিকে অভিযান চালায়।
এ সময় ক্লিনিকের বৈধ অনুমতিপত্র না দেখাতে পারায় প্রতিষ্ঠানটির সব অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এ ছাড়া ভুয়া ডিগ্রি ও সনদ ব্যবহারের অপরাধে ক্লিনিকের চিকিৎসক বারেক মোল্লা এবং ফারজানা সুলতানাকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সাজা, বৈধ অনুমতিপত্র না থাকা ও দায়িত্বে অবহেলার কারণে ক্লিনিকের পরিচালনা পর্ষদের সদস্যদের তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সাজা, দায়িত্বে অবহেলার অভিযোগে ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা সজল কুমার সিংহ, সেবিকা শেফালী ও শিউলীকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের সাজা এবং সরকারি কাজে বাধা দেওয়ায় নোমান আহমদ চৌধুরী নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন আদালত।
ক্লিনিকটির অনুমতিপত্র কেন বাতিল করা হবে না—এ মর্মে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য আদালত নোটিশ দিয়েছেন।