কুলাউড়ায় এক যুবককে হত্যা, আরেকটি লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হরিপদ মালাকার (৪৬) নামের এক যুবককে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা গ্রামে। গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগান থেকে পুলিশ হরিপদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কুলাউড়া থানায় হত্যা মামলা হয়েছে। এ ছাড়া গতকাল বিকেলে আরিফ আহমদ (৩০) নামের আরেক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফের বাড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা গ্রামে। এ ব্যাপারে কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপদ সিলেট নগরে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। ওই চাকরি ছেড়ে বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে থাকতেন। তিনি একাধিক বিয়ে করেছেন। তবে কোনো স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। তাঁর কোনো সন্তানও নেই। বাড়িতে তাঁর বৃদ্ধ বাবা-মা আছেন। গতকাল সকালে বাড়ির উত্তর পাশের বাগানে এলাকার লোকজন তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে হরিপদের ফুফাতো ভাই মহেষ মালাকার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সন্ধ্যা ছয়টার দিকে মামলা করেন।
পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হরিপদকে হত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়। আর আরিফ উপজেলার কাদিপুর ইউনিয়নের উত্তর চুনঘর গ্রামে শ্বশুর মান্নান মিয়ার বাড়িতে স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী চট্টগ্রামে একটি পোশাক তৈরির কারখানার কর্মী। তাঁদের সাত বছর বয়সী এক মেয়ে আছে। আরিফ ঝালাই কারখানায় শ্রমিকের কাজ করতেন। গতকাল বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে তাঁকে ঝুলতে দেখেন। পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ হাসপাতাল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় হরিপদের গলায় ধারালো অস্ত্রের জখম দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।