কুলাউড়ায় গৃহবধূর লাশ গুমের চেষ্টা গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর বস্তি গ্রামে আজিরুন বেগম (৩২) নামের এক গৃহবধূকে হত্যা করে লাশ গুমের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল রোববার দুপুরে রান্নাঘর থেকে বস্তাবন্দী অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে নিহত গৃহবধূর ভাই কুলাউড়া থানায় হত্যা মামলা করেছেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজিরুনের সঙ্গে বেশ কিছু দিন ধরে স্বামী আনছারসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। এ নিয়ে প্রায় চার মাস আগে আজিরুন পার্শ্ববর্তী রাজনগর উপজেলার কলাগ্রামে বাবার বাড়িতে চলে যান। গত ৩১ মার্চ এলাকার লোকজনের মধ্যস্থতায় তিনি শ্বশুরবাড়ি ফিরে যান।
গতকাল সকালে আজিরুনের ভাই আবদুল হক বোনের বাড়িতে বেড়াতে যান। এ সময় বোনকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি করতে থাকেন। পরিবারের সদস্যরাও তাঁর খোঁজ জানাতে পারেননি। একপর্যায়ে বাড়ির রান্নাঘর তালাবদ্ধ দেখে ও সেখান থেকে দুর্গন্ধ পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরের তালা ভেঙে একটি চটের বস্তায় আজিরুনের লাশ পায়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে আবদুল হক বাদী হয়ে আজিরুনের স্বামী আনছার আলী, শ্বশুর উছমান আলী, শাশুড়ি হাছনা বেগম, ননদ রিমা আক্তারসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেন। পারিবারিক কলহের জের ধরে অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আজিরুনকে হত্যা করে লাশ গুমের চেষ্টা চালান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান সন্ধ্যা সাতটার দিকে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত গৃহবধূর মাথা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। দু-তিন দিন আগে তাঁকে হত্যা করে লাশ গুমের জন্য বস্তাবন্দী করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিরুনের শ্বশুর উছমান, শাশুড়ি হাছনা ও ননদ রিমাকে গ্রেপ্তার করা হয়েছে।