কুলাউড়ায় ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ছাত্রলীগের দুটি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে পৌর শহরের চৌমোহনা এলাকায় ওই ঘটনা ঘটে।
উভয় পক্ষের ছয়-সাতজন নেতা-কর্মীর ভাষ্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রলীগের উপজেলা কমিটির একাংশের জাহাঙ্গীর আলম ও রুবেল আহমদ এবং অন্য অংশের হাবিবুর রহমান ও তুহিনুজ্জামান ইয়াকুব নেতৃত্ব দিচ্ছেন। শনিবার সকালে মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের ডাকা কর্মিসভায় উভয় পক্ষের নেতা-কর্মীরা অংশ নেন। সেখানে দুই পক্ষের নেতাদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। জেলা সদর থেকে ফিরে এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের চৌমোহনা এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে দা ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। পরে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক পক্ষকে দক্ষিণ বাজার ও অন্য পক্ষকে উত্তর বাজারের দিকে সরিয়ে দেয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বলেন, কুলাউড়ায় পাল্টাপাল্টি ধাওয়ার খবর শুনে উভয় পক্ষের নেতাদের ফোনে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কুলাউড়ায় ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
কুলাউড়া থানার ওসি মো. শামছুদ্দোহা বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।