কুলাউড়ায় নিখোঁজ গৃহপরিচারিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার পান্না বেগম (২০) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গতকালই কুলাউড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পান্না নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা দিনমজুর জুয়েল মিয়ার স্ত্রী ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শিংপুর গ্রামের ইছহাক আলীর মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল কুলাউড়া উপজেলার পূর্ব মনসুর এলাকার একটি কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকেন। পান্না কুলাউড়া পৌর শহরের বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। অসুস্থতার কারণে কাজ করতে না পারার কথা জানাতে তিনি গত বুধবার বিকেলে একটি বাসার উদ্দেশে বের হন। পরে আর বাসায় ফেরেননি। ওই দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি তাঁর স্বামী। গতকাল সকালে পূর্ব মনসুর এলাকার সড়কের পাশে এক ব্যাংক কর্মকর্তার বাড়ির সামনের পুকুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁদের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। একপর্যায়ে স্বজনেরা সেখানে ছুটে গিয়ে লাশটি পান্নার বলে শনাক্ত করেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু আল মামুন গতকাল বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পান্নার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পান্নার স্বামী জুয়েল মিয়া দাবি করেন, পান্না বেশ কিছু দিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁদের পরিবারে কোনো কলহ ছিল না। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তিনি বুঝতে পারছেন না।