কুলাউড়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও মালামাল লুটের অভিযোগে গত রোববার এলাইছ মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাইছের বাড়ি উপজেলার দীঘলকান্দি গ্রামে।
ওই গৃহবধূ ১১ আগস্ট এলাইছসহ একই গ্রামের পাঁচজনকে আসামি করে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত আগামী ৭ অক্টোবরের মধ্যে গৃহবধূর চিকিৎসা প্রতিবেদনসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দুবাইয়ে থাকেন। তিনি তাঁর তিন সন্তান নিয়ে বাড়িতে থাকেন। গত ২৯ জুলাই দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা গৃহবধূর হাত ও মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ওই দুর্বৃত্তরা স্বর্ণালংকার, দামি কাপড়চোপড়, মুঠোফোন ও নগদ প্রায় এক লাখ টাকা লুট করে। ৩০ জুলাই ভোরে গৃহবধূর ১০ বছর বয়সী বড় ছেলে ঘুম থেকে জেগে তার মাকে অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে গিয়ে গৃহবধূকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। পরে ওই গৃহবধূ এলাইছসহ দীঘলকান্দি গ্রামের ছয়ফুল আলী, মজিদ মিয়া, বদরুল মিয়া ও কটাই মিয়াকে আসামি করে ওই মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য ছয়ফুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কুলাউড়া থানার ওসি মতিয়ার রহমান জানান, আদালতের নির্দেশনা তাঁরা এখনো পাননি। নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার এলাইছকে গ্রেপ্তার করা হয়। এলাইছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।