কুলাউড়ায় ব্যাংকের টাকা ছিনতাই এক যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার ব্যাংকের এক কর্মকর্তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করা হয়।
ছিনতাই করার অভিযোগে আটক যুবকের নাম শাহ আলম (২৫)। তাঁর বাড়ি কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকায়।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কৃষি ব্যাংকের ভাটেরা শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন ও সুপারভাইজার নাসির উদ্দিন গত সোমবার দুপুরের দিকে পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় অবস্থিত প্রাইম ব্যাংকের এক শাখা থেকে ২০ লাখ টাকা তুলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ভাটেরায় ফিরছিলেন। পৌর শহরের চাতলগাঁও এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, একপর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নাসিরের হাতে থাকা পাঁচ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় বাধা দেওয়ায় নাসিরের হাতে দায়ের কোপ লাগে। পরে তিনি কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গত সোমবার রাতে চাতলগাঁও এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা গতকাল মঙ্গলবার বলেন, সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে আটক করা হয়েছে। তবে ব্যাংকের কর্মকর্তারা এখনো এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেননি।
কৃষি ব্যাংকের ভাটেরা শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী তিনি ছিনতাইয়ের ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।