কুলাউড়ায় সংঘর্ষে নিহত ১
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মদনগৌরী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার গভীর রাতে দুই পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম চৌধুরী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত শফিকুলের বড় ভাই শামসুল ইসলাম চৌধুরীকে (৫৫) কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম চৌধুরীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজম্মিল আলী খানের জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে দুই পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শফিকুল ও শামসুল গুরুতর আহত হন। শফিকুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে মজম্মিল আলী খানের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।