কুলাউড়ায় অন্যের জমিতে আ.লীগ নেতার রাস্তা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হিন্দু পরিবারের প্রায় পাঁচ শতক জমি দখল করে আওয়ামী লীগের এক নেতা রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমি উদ্ধারের জন্য পরিবারটি গত মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এদিকে খাস না হলেও ওই রাস্তার উন্নয়নে দুই দফা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়চণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান মিয়া ১৯৯৪ সালের দিকে জয়চণ্ডী গ্রামের রনজিত চৌধুরীর (এলাকায় পুতুল চৌধুরী নামে পরিচিত) কাছ থেকে ১৬ শতক জমি কেনেন। লোকমানের মূল বাড়ি পাশের রামপাশা গ্রামে। ২০০৪ সালে তিনি (লোকমান) কেনা জমিতে বাড়ি নির্মাণ করে বসতি শুরু করেন। ২০০৭ সালে রনজিত মারা যান।
রনজিতের পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১০ সালে লোকমান সামনের কুলাউড়া-জুড়ী পাকা সড়ক থেকে সরাসরি বাড়িতে যাওয়ার জন্য রনজিতের কুলাউড়া মৌজার অন্তর্ভুক্ত জেএল নম্বর-৫৬-এর ২০৬, ২০৭, ২১০ ও ২১২ নম্বর দাগের প্রায় ৫ শতক জমি দখল করে কর্মসৃজন কর্মসূচির আওতায় মাটি ফেলে রাস্তা নির্মাণের কাজ করেন। এ সময় রনজিতের পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি তাঁদের কথা শুনেননি। এ ব্যাপারে রনজিতের বড় ছেলে রজত ওই বছরের ৫ এপ্রিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
রাস্তাটি সরকারি নয়। এরপরও ২০১৫-১৬ অর্থবছরে মৌলভীবাজার জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ‘লোকমান মিয়ার বাড়ির সামনে থেকে দক্ষিণ দিক থেকে মনোরঞ্জন দাশের বাড়ি পর্যন্ত রাস্তায় সলিংয়ের কাজ’ নামে একটি প্রকল্পের আওতায় ওই রাস্তার উন্নয়নে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
লোকমান মিয়া জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ অস্বীকার করে বলেন, যেখানে রাস্তা হয়েছে সে জায়গায় আগে জমির আইল ছিল। আশপাশের লোকজন আইল দিয়ে চলাচল করত। বাড়ি নির্মাণের পর তাঁর পরিবারসহ গ্রামের অন্য লোকজনের চলাচলের জন্য তিনি আইলটি একটু বড় করার জন্য রনজিত চৌধুরীকে প্রস্তাব দেন। একপর্যায়ে রনজিত রাজি হয়ে যান। রনজিত মারা যাওয়ার পর তাঁর ছেলেরা বিষয়টি নিয়ে জটলা পাকান।
রাস্তার বিভিন্ন উন্নয়নকাজ সম্পর্কে লোকমান বলেন, ‘এমপি (মৌলভীবাজার-২ আসনের সাংসদ আবদুল মতিন) সাহেব ঘনিষ্ঠ লোক। আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাই তাঁর মাধ্যমেই প্রথমে রাস্তার কাজ করাই। এখন জেলা পরিষদ থেকে সলিংয়ের (ইট বিছানো) কাজ এনেছি। রাস্তা হওয়ায় আশপাশের জমির মালিকদের লাভ হয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সাত-আটজন বাসিন্দা বলেন, রাস্তা করায় লোকমানের সুবিধাই হয়েছে বেশি। গ্রামের লোকজন আগে থেকেই পাশের পুষাইনগর মোকামের সামনের রাস্তা দিয়েই চলাচল করছে।
রনজিতের ছেলে রজত চৌধুরী বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে লোকমান মিয়াকে আমরা সম্মান করি। তাঁর কোনো ক্ষতি আমরা করিনি। কিন্তু কেন আমাদের জমি দখল করলেন, জানি না। প্রশাসনের কাছে বারবার আবেদন করে যাচ্ছি। আমরা জমি ফেরত চাই।’
মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, এডিপির প্রকল্প তালিকা-সংশ্লিষ্ট এলাকার এমপিরা (সাংসদ) দেন। সে অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়।
এ ব্যাপারে গত বুধ ও বৃহস্পতিবার মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও সাংসদ আবদুল মতিনের বক্তব্য পাওয়া যায়নি। মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া মেলেনি।