কুলাউড়ায় অস্ত্র ও গুলিসহ হুজি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অস্ত্র, গুলিসহ লুৎফুর রহমান ওরফে হারুন (৩৭) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া লুৎফুর বুধপাশা গ্রামের মজির উদ্দিন ওরফে মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার পৃথ্বিমপাশা ইউনিয়নের নওয়াববাড়ি-সংলগ্ন শাহডিঙি মাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এ ঘটনায় লুৎফুরসহ মারুফ মোহাম্মদ ইছহাক নামের হরকাতুল জিহাদের আরেক সদস্যের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা হয়। মারুফের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। পুলিশ মারুফকে গ্রেপ্তার করতে পারলেও লুৎফুর ভারতে পালিয়ে যান। এ মামলায় তাঁদের দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার আদালতে অভিযোগপত্রও দাখিল করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বুধপাশা গ্রামে লুৎফুরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এ সময় তাঁর কাছে একটি দেশীয় এলজি, দুটি গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুনায়েদ আলম সরকার বলেন, লুৎফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে কুলাউড়া থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজার হাজতে পাঠানো হয়েছে।