কুলাউড়ায় ছাত্র, নিকলীতে ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের এক দিন পর গতকাল বুধবার পারভেজ আলী নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
কুলাউড়ায় নিহত স্কুলছাত্র পারভেজ আলী (১৫) উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা চেরাগ আলীর ছেলে। কিশোরগঞ্জের নিকলীতে উদ্ধার হওয়া লাশটি ওই উপজেলার কামালপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে শামসুর নাহারের (১৭)।
কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের চেরাগ আলী গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধান কাটতে যান। সকাল ১০টার দিকে তাঁর ছেলে পারভেজ তাঁর জন্য নাশতা নিয়ে বাড়ি থেকে রওনা দেয়। কিন্তু সে তার বাবার কাছে যায়নি। গতকাল সকালে শরীফপুর ইউনিয়নের একটি ডোবায় এক কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে স্বজনেরা গিয়ে লাশটি পারভেজের বলে শনাক্ত করেন। বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারভেজ তেলিবিল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার কামালপুর গ্রামের শামসুর নাহারের বাবা জসিম উদ্দিন বলেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টায় নাশতা খাওয়ার পর শামসুর নাহার তার পড়ার কক্ষে চলে যায়। একটু পর সে ওই কক্ষের দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। তবে কেন সে আত্মহত্যা করেছে, তা বলতে পারছি না।’