মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুরপুর গ্রামে গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছেন। একই দিন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাজি বাড়ি এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কুলাউড়া থানা ও এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মনসুরপুর গ্রামের আছকর আলীর (৬০) সঙ্গে প্রতিবেশী রফিক মিয়ার (৫০) জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে গতকাল সকাল ১০টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক, তাঁর ছেলে মামুন মিয়া (২৭) আছকরের ওপর হামলা চালান। এতে বাধা দিলে আছকর, তাঁর মেয়ে সুমি বেগম (২১) ও শাম্মী বেগম (১৮) আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আছকর মারা যান। বাকি দুজন সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বেলা দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আছকরের ছেলে রাসেল মিয়া বাদী হয়ে রফিক, মামুনসহ অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে মামলা করেছেন।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) দিদার উল্লাহ বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত আছকরের গালের বাঁ পাশে এবং মাথার ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, গতকাল সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাজিতপুরের হাজি বাড়ি এলাকায় স্থানীয় ব্যক্তিরা একটি লাশ পড়ে থাকতে দেখেন। বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে কালো প্যান্ট ও আকাশি রঙের গেঞ্জি রয়েছে।